প্রযুক্তিপণ্যের ব্যবহার নিয়ে সাতপাঁচ কুসংস্কার

আধুনিক জীবনের অন্যতম এক অনুষঙ্গ নানান স্মার্ট-ডিভাইস। এসব ডিভাইস ছাড়া এখন এক মুহূর্তও থাকা দায়। অজ পাড়াগাঁয়েও এখন বিভিন্ন ডিভাইস পৌঁছে গেছে। বিশেষ করে মোবাইল ফোন। তাইতো বলা চলে স্মার্টফোনের সঙ্গে এখন বসবাস সকলের।
 
স্মার্টফোন ও ল্যাপটপের মতো ডিভাইস হাতে না থাকলে এখন কেমন যেন খাপছাড়া মনে হয় নিজেকে। জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে যাওয়ায় স্মার্ট-ডিভাইস নিয়েও নানা ভুল ধারণা তৈরি হয়েছে।
 
এসব ভুল ধারণা থেকে গ্যাজেট ব্যবহার নিয়ে আমাদের বিপত্তিতে পড়তে হয়। প্রায়ই শুনতে হয় এই ডিভাইস দিয়ে ওই কাজ করা উচিৎ না, ওটা করলে এই ডিভাইস নষ্ট হয়ে যাবে ইত্যাদি।
 
প্রযুক্তির ব্যবহার কেন্দ্রিক এসব কুসংস্কার নিয়ে আপনি কতটা সচেতন? গ্যাজেট ব্যবহারে প্রচলিত বিভিন্ন সংস্কার কতটুকু খতিয়ে দেখেছেন? এর সবগুলিই কি ঠিক?
 
প্রচলিত এমন কিছু কুসংস্কার বা ভুল ধারণা তুলে ধরতেই এ প্রতিবেদন।
 
ম্যাক কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয় না
এই কথা শুনে অবাক হয়ে যান অনেকে, কিন্তু এই তথ্য সত্য নয়। টেক জায়ান্ট অ্যাপল ভাইরাসকে ঝেটিয়ে বিদায় করতে পারেনি। যদিও বাজারে চালু আছে অ্যাপলের কম্পিউটারে ম্যালওয়্যার বাসা বাধতে পারে না।
অ্যাপলও এযাবৎ বড়াই করে বলে ওই দাবী করে আসছিলো। তবে তাদের এ দাবি বেশি দিন টিকেনি। ২০১২ সালে অ্যাপলের হাজারো ম্যাক কম্পিউটার ট্রুজেন ভাইরাস দ্বারা আক্রান্ত হলে প্রতিষ্ঠানটি দ্রুত তাদের বিপণনে পরিবর্তন আনে। প্রচারণার ধরন পাল্টে দেয়।
 
ইনকগনিটো ব্রাউজার ব্যবহারকারীকে আড়ালে রাখে
অনেকের ধারণা, ইনকগনিটোর সমার্থক শব্দই হচ্ছে নাম ও পরিচয় গোপন রাখা। কিন্তু গুগল ক্রোম কিংবা প্রাইভেট ব্রাউজার সাফারিতে ইনকগনিটো মুড ব্যবহার করা হলে এটি ব্যবহারকারীর ব্রাউজিং হিস্টরি ট্র্যাক করবে না। কিন্তু বুকমার্কে যে কেউ ঢুকতে পারবে।
এমনকি, স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্টেও লগইন করতে পারবে। তার মানে এটা পরিচয় গোপন রাখে না। সেজন্য বলি, ভুল জেনে নিষিদ্ধ পথে পা বাড়ানো বোকামি।
 
সারাক্ষণ চার্জে লাগিয়ে রাখলে ব্যাটারি শেষ
আপনি হয়তো সারা রাত ফোন চার্জে লাগিয়ে রাখেন। এতে অনেকেই বলে থাকেন, এটা ডিভাইসের ব্যাটারি লাইফ শেষ করে দেবে। কিন্তু বিশ্বাস করুন, এ ধরণের কোনো প্রমাণ এখনও কেউ দেখাতে পারেনি। তাই চিন্তার কিছু নেই। আধুনিক স্মার্টফোনে থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি। ফলে সম্পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ করে দেওয়ার মতো যথেষ্ট স্মার্ট এটি।
 
বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা
১২ এবং ৮ মেগাপিক্সেলের মধ্যে কি পার্থক্য? এটা কি ছবি তুলতে পার্থক্য গড়ে দেয়? মোটেই না। ছবির গুণগত মান কেমন হবে তা নির্ভর করে ক্যামেরার সেন্সর কতোটা লাইট নিতে পারে তার উপর। তাই ভুলে যান ক্যামেরার পিক্সেলের সংখ্যাগত তথ্য ঘাঁটা।
 
বন্ধ হবার আগে মোবাইল চার্জে দিবেন না
অনেকেই বলে থাকেন, ফোনের চার্জ একেবারে শেষ না হলে পুনরায় চার্জে দেবেন না। এতে ব্যাটারি নষ্ট হয়। এটা মোটেই সত্য নয়। চার্জ থাকতে আবার চার্জে লাগালে ফোনের ক্ষতি হয় না। বরং উপকারই হয়। কেননা ব্যাটারির চার্জ নেওয়ার কিছু নির্দিষ্ট সংখ্যার চার্জ সাইকেল থাকে, যা পূর্ণ হলেই সে চার্জ নেওয়া বন্ধ করে দেয়। এ চার্জিং সাইকেলগুলো বহুল ব্যবহৃত হওয়ার কারণেই মূলত ব্যাটারি নষ্ট হয়। এটা অর্ধেক বা সম্পূর্ণ চার্জ অথবা প্লাগইন করার জন্য তা নষ্ট হয় না।
 
বেশি রেজ্যুলেশনের স্ক্রিন মানেই ভালো ফোন
একটি নির্দিষ্ট সময় পড়ে স্ক্রিন রেজ্যুলেশন কোনো ব্যাপার না। কেননা মানুষের চোখ প্রতি ইঞ্চিতে ৩০০ মেগাপিক্সেলের বেশি এক সঙ্গে দেখতে পারে না। যেহেতু দেখার ক্ষেত্রে চোখ নির্দিষ্ট সীমা অতিক্রম করতে পারে না, সেহেতু রেজ্যুলেশন কোনো বিষয় নয়। যদিও গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার জন্য অ্যাপল-স্যামসাংয়ের মতো কোম্পানিগুলো উচ্চ রেজ্যুলেশন সম্পন্ন ডিসপ্লের দিকেই বেশি ঝুঁকছে।
 
আইপ্যাড চার্জার দিয়ে আইফোন চার্জ দেওয়া ঠিক নয়
এই ধারণায় হ্যাঁ কিংবা না বলাটা মুশকিল। কেননা, অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে বলা আছে, ১২ ওয়াটের আইপ্যাড অ্যাডাপটার দিয়ে আইফোন এবং আইপ্যাড উভয়টিই চার্জ করা যাবে। তবে ‘এইআই সিস্টেম’ নামের একটি ইলেক্ট্রনিক্স বিশ্লেষক কোম্পানির প্রতিষ্ঠাতা এবং প্রধান টেকনিক্যাল কর্মকর্তা স্টিভ স্যান্ডলার জানান, নিয়মিত আইপ্যাডের ব্যাটারি দিয়ে আইফোন চার্জ দিলে ফোনটির ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে।
 
প্রতিদিন ল্যাপটপ বন্ধ করা উচিত নয়
অনেকেই মনে করেন, প্রতিদিন কম্পিউটার বন্ধ করা উচিত নয়। কিন্তু প্রকৃতপক্ষে, প্রতিদিন রাতে কম্পিউটার বন্ধ করাই ভালো। ল্যাপটপকে স্লিপ মোডে রেখে পুনরায় ব্যবহার করা সহজ হলেও এতে ল্যাপটপের আয়ু কমে যায়।