অস্ট্রেলিয়ায় অন্তর্বাস থেকে শতকোটি ডলারের মাদক উদ্ধার

নারীদের অন্তর্বাস ও শিল্পকর্ম থেকে প্রায় ১ বিলিয়ন ডলার সমমূল্যের মেটাফেটামিন নামের মাদক উদ্ধার করেছে অস্ট্রেলিয়ান পুলিশ। এই মাদককে ‘আইস’ বলা হয়ে থাকে। অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জানায়, এটি অস্ট্রেলিয়ার ইতিহাসে জব্দকৃত বৃহৎ মাদক চালানগুলোর একটি।
 
এ ঘটনায় এক চীনা ও হংকংয়ের ৩ নাগরিকসহ ৪ জনকে আটক করা হয়েছে। 
 
দেশটির কেন্দ্রীয় পুলিশ জানায়, জব্দ হওয়া তরল মাদক আইস'র মোট পরিমাণ ৭২০ লিটার। এর মধ্যে প্রায় ১৯০ লিটার গত বছরের ডিসেম্বরে হংকং থেকে আসা জেল ব্রার একটি চালান থেকে খুঁজে পায় দেশটির শুল্ক কর্মকর্তারা। মাদকগুলো মূলত ব্রার সঙ্গে সংযুক্ত কয়েক হাজার স্টিকের মধ্যে লুকানো ছিল। একটি গুদাম থেকে এই পরিমাণ মাদক জব্দের ঘটনা ঘটে। এ সময় হংকংয়ের এক নাগরিককে গ্রেফতার করা হয়।
 
আর বাকি ৫৩০ লিটার 'আইস' একটি শিল্পকর্ম [আর্ট সাপ্লাইস] চালান থেকে জব্দ করা হয়। সিডনির একটি গুদামে এই চালান রাখা ছিল। এ ঘটনায় এক চীনা নাগরিক ও হংকংয়ের অারো ২ নাগরিককে গ্রেফতার করা হয়। মাদকের আমদানি ও তৈরির সঙ্গে যোগসাজশে তাদের গ্রেফতার করা হয়।
 
অস্ট্রেলিয়ার জাতীয় পুলিশ কমান্ডার ক্রিস শিহান বলেন, গত বছরের ডিসেম্বরেই তারা অভিযান শুরু করে। চীনেই এই মাদকের শুরু হয়। এছাড়া জানুয়ারিতে মাদক চালানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৩ বছর বয়সী এক হংকং এর নাগরিককে গ্রেফতারা করেছিল অস্ট্রেলীয় পুলিশ। আল-জাজিরা