রাজধানীর মোহাম্মদপুরে এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সোয়া ১১ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সঞ্জয় মন্ডল ওরফে অসীম মন্ডল, মো. আজিজুল শেখ ওরফে আশিকুল, খোরশেদ আলম ওরফে জামাই, মো. মাসুদ ও মো. পলাশ কবিরাজ ওরফে কালু। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার রাত সোয়া ১১টার দিকে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকার একটি নির্মাণাধীন বাংলোবাড়ীর পাশে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতি করে বলে স্বীকার করেছে। তাদের নামে মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, নড়াইল ও মাগুড়া এলাকায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আফজাল হোসাইন এই অভিযানের নেতৃত্ব দেন।