কিরগিস্তানের অনারারি কনসাল জেনারেল কাজী শামসুল হক ও সিসিলিসের অনারারি কনসাল মো: আমিরুজ্জামান কনস্যুলার কর্পস ইন বাংলাদেশের (সিসিবি) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাজধানীর লেক শোর হোটেলে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
সিসিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দুই বছরের (২০১৬-১৭) জন্য নির্বাচিত নির্বাহী কমিটিতে চিলির অনারারি কনসাল জেনারেল আসিফ এ চৌধুরী সদ্যবিদায়ী সভাপতি, মঙ্গোলিয়ার অনারারি কনসাল নাসরিন ফাতেমা আউয়াল ও পোল্যান্ডের অনারারি কনসাল রেশাদুর রহমান সহ-সভাপতি এবং গাজীপুরে দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল মোহাম্মদ মোহসীন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
কমিটির সদস্যরা হলেন ইয়েমেনের অনারারি কনসাল জেনারেল কেএম মুজিবুল হক, স্লোভাকের অনারারি কনসাল মিরান আলী, সার্বিয়ার অনারারি কনসাল সৈয়দ কাদের ইকবাল, চট্টগ্রামে ফিলিপাইনের অনারারি কনসাল মোহাম্মদ আব্দুল আউয়াল এবং গাম্বিয়ার অনারারি কনসাল কাজী খুররম আহমেদ।