সিএনজি মিটারে না চলায় ৩ মাসে ৮৫৮টি মামলা: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সিএনজি অটোরিকশা মিটারে না চলা ও যে কোন দূরত্বে না যাওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৮৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
 
২০১৫ সালের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এসব মামলা করা হয়েছে বলে জানান তিনি। সোমবার সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
 
তিনি বলেন, এসব মামলায় ১০ লাখ ৮৬ হাজার ২শ’ টাকা জরিমানা আদায়, ৯৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান এবং ৪১৩টি সিএনজি অটোরিকশা ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে যাত্রী সাধারণের ৬৬টি অভিযোগের প্রেক্ষিতে এ পর্যন্ত ২০টি সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন স্থগিত, ৪২ জন চালকের ড্রাইভিং লাইসেন্স স্থগিত ও ১ জন মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
 
মন্ত্রী বলেন, সরকার সিএনজি বা পেট্রোল চালিত ৪-স্টোক থ্রি-হুইলারের পুনঃনির্ধারিত ভাড়া কার্যকরসহ প্রাসঙ্গিক অন্যান্য কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে ১১ সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির কার্যক্রম অব্যাহত রয়েছে।
 
ওবায়দুল কাদের বলেন, সিএনজি অটোরিকশা যাতে মিটারে নির্ধারিত ভাড়ায় চলাচল করে এ জন্য বিআরটিএ’র ৫টি ভ্রাম্যমাণ আদালত শুক্রবার ছাড়া সপ্তাহের ৬ দিন নিয়মিত পরিচালনা করা হয়ে থাকে। এমনকি মাঝে মাঝে সান্ধ্যকালীন ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হচ্ছে।