একুশে বইমেলায় ওমর ফারুকের গল্পগ্রন্থ ‘নিঃশ্বাস’
অনলাইন ডেস্ক
একুশে গ্রন্থমেলায় এসেছে গীতিকার ও মিডিয়াকর্মী ওমর ফারুকের ছোট গল্পের বই ‘নিঃশ্বাস।’ ১৩ ফেব্রুয়ারী সোহরাওয়ার্দী উদ্যান এ বইটির মোড়ক উন্মোচন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ, কথা সাহিত্যিক মুকুল রায়, সঙ্গীত শিল্পী সাফায়েশ, হিরা, গীতিকার ও সাংবাদিক স্নেহাশীষ ঘোষ, সোহেল রানা, অভিনেতা সীমান্ত, চলচ্চিত্র ব্যক্তিত্ব সুমন রানা অদিত্য রূপু ও কবি বৃষ্টি ওমর প্রমুখ।
এটি লেখকের প্রথম ছোট গল্পের বই। বইটিতে পাঁচটি ছোট গল্প স্থান পেয়েছে। গল্পগুলো হলো ‘নষ্টের দলে এসো’, ‘বৃষ্টি হোক বা না হোক আজ বর্ষা’, ‘হাতটা ধরলেই পারতে’, অনুক্ষণে অনুভব’ এবং ‘নিঃশ্বাস’।
বইটি প্রসঙ্গে ওমর ফারুক বলেন, ‘নিঃশ্বাস নিয়েই আমি সাহিত্যের অঙ্গনে পা বাড়ালাম। আমি চেষ্টা করেছি, গ্রামীণ এবং শহুরে জীবনের কিছু চরিত্র ফুটিয়ে তুলতে এবং পাঠকের সাথে পরিচয় করিয়ে দিতে।’
উল্লেখ্য, লেখক প্রায় ৮ বছর ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত। সাংবাদিকতা দিয়ে পেশা জীবন শুরু করলেও পাশাপাশি গীতিকার হিসেবে পেয়েছেন আলাদা পরিচিতি। তিনি বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভিতে সিনিয়র জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত। নিঃশ্বাস-এর প্রচ্ছদ করেছেন আদিত্য রুপু। প্রকাশ করেছে জিনিয়াস পাবলিশেন্স।