ঢাবিতে বোমা বিস্ফোরণ মামলার আসামি মাহমুদুর রহমান

সহসাই মুক্তি মিলছে না আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জামিনের আদেশ বহাল রাখার কয়েক ঘণ্টার মধ্যে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতবোমা নিক্ষেপের এক মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। একইসঙ্গে ওই মামলায় মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ারও আবেদন জানানো হয়েছে।
 
শাহবাগ থানার উপপরিদর্শক হারুন অর রশিদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মাহমুদুরের সাতদিনের রিমান্ড চেয়ে এই আবেদন করেন। মহানগর হাকিম গোলাম নবী আগামী ২২ ফেব্রুয়ারি রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন রেখেছেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোমা বিস্ফোরণের ঘটনায় ২০১৩ সালের জানুয়ারিতে সূর্যসেন হলের ১১১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র কামাল হোসেন বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা করেন।
 
জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন সভাপতি আবদুল কাদের জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে মামলার আসামি করা হয়েছিলো। এজাহারে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কাজী মোকাররম হোসেন ভবনের উল্টোদিকের রাস্তায় আসামিরা হাতবোমা নিক্ষেপ করলে বাদীসহ কয়েকজন আহত হন। এ মামলার এজাহারে মাহমুদুর রহমানের কোন নাম ছিলো না। তিন বছর ধরে মামলাটি পুলিশের তদন্তের অপেক্ষায় ছিলো। কিন্তু হঠাৎ করে গত রবিবার পুলিশ মাহমুদুর রহমানকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানায়।
 
এটিসহ মাহমুদুরের বিরুদ্ধে বিভিন্ন আইনে অন্তত ৭০টি মামলা রয়েছে। ২০১৩ সালের ১১ এপ্রিল গ্রেফতার হওয়ার পর থেকেই কারাগারে আছেন তিনি।