বাজেট ফোন হিসেবে ‘কে৩ নোট’ বা ‘ভাইব শট’ দিয়ে বিকাশমান মোবাইল বাজারে বেশ সুনাম কামিয়েছে চীনা কোম্পানি লেনোভো। ‘কে’ সিরিজকে আরও জনপ্রিয় করে তুলতে নতুন বছরে ‘ভাইব কে৪ নোট’ বাজারে আনে চীনা প্রতিষ্ঠানটি।
কে৩ নোট বাজারে আসার পর বিপুল গ্রাহকপ্রিয়তা লাভ করে। এর পর পরই ভাইব কে৪ নোট নিয়ে প্রযুক্তিবিশ্বে মাতামাতি শুরু হয়। উন্মোচনের আগেই বিভিন্ন সংবাদ মাধ্যমে ডিভাইসটির নানা তথ্য ফাঁস হয়। যদিও স্মার্টফোনটির ব্যাপারে মুখে কুলূপ এঁটে রাখে লেনোভো।
আজ মঙ্গলবার থেকে ভারতের বাজারে ডিভাইসটির বিক্রি শুরু হচ্ছে। এখন আর এ হ্যান্ডসেট কিনতে গ্রাহকদের ই-কমার্স সাইট অ্যামাজনে নিবন্ধন করতে হবে না।
ডিভাইসটি কিনতে খরচ পড়বে ১১ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ২০০ টাকা।
এতে রয়েছে ১.৭ জিএইচজেড অক্টাকোর প্রসেসর ও অ্যান্ড্রয়েড ৫.৫ অপারেটিং সিস্টেম। ৩ জিবি র্যামের এই ফোনে আছে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ডুয়াল সিমের এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফুল এইচডি আইপিএস ডিসপ্লের সঙ্গে রয়েছে ৩৩০০ এমএইচ ব্যাটারি।
তবে এর গুরুত্বপূর্ণ ফিচার হল সাউন্ড। ৩৬০ ডিগ্রি ডলবি সারাউন্ডিং সাউন্ড, যা গান শোনার জন্য খুবই ভাল। হাই কনফিগারেশনের গেম খেলা বা ফুল এইচডি সিনেমা দেখার জন্য এই ফোন উপযুক্ত হতে পারে।
এতে আছে ১০৮০ x ১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এছাড়াও আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। থাকবে মেটাল বডি।
ভার্চুয়াল রিয়ালিটি সমর্থিত এই ফোন কানেক্টিভিটির দিক থেকে ফোরজি, ডুয়াল ব্র্যান্ড ওয়াই-ফাই, এনএফসি সমর্থন করবে।