দুই শিশুকে নির্যাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: সংসদে বাবলা

ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, রাজশাহীর পবা উপজেলায় জাহিদ ও ইমন নামে দু’টি শিশুকে প্রভাবশালীরা অমানবিক নির্যাতন চালিয়েছে। গণমাধ্যমে এর ভিডিওচিত্রসহ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এটা গোটা জাতির জন্য লজ্জার। শিশুদের কাছে এটা আমাদের ক্ষমাহীন অপরাধ। অবিলম্বে শিশুদের এই নির্যাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে আর কেউ এই ধরনের জঘন্য অপরাধ করতে না পারে। গতকাল সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান।
 
মানুষ আপদ-বিপদ থেকে মুক্তি চায় :সুজন
 
শনিবার চট্টগ্রামের আনোয়ারা সদরে সৌদিয়া কমিউনিটি সেন্টারে থানা জাপা আয়োজিত এক যৌথসভায় ঢাকা মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন দে বলেছেন, সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ আপদে পরিণত হয়েছে। আর বিএনপি আগে থেকেই বিপদ। মানুষ এই আপদ-বিপদ থেকে মুক্তি চায়। কারণ এ দুটি দল জনগণের ভোটে ক্ষমতায় এসে দেশ ও জনগণের পরিবর্তে নিজেদের ভাগ্য-বদলে মনোযোগী হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার সভাপতি শামসুল আলম মাষ্টার বলেন, গণতন্ত্র আজ হাসিনা-খালেদা কারও কাছে নিরাপদ নয়। আনোয়ারা উপজেলা জাপার সভাপতি আব্দুর রব চৌধুরী টিপুর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা সরকার, মিয়া চৌধুরী, আব্দুল গফুর চৌধুরী, রফিক আহমেদ ও আলী আকবর প্রমুখ।
 
শ্রমিক পার্টির কমিটি পুনর্গঠন
 
জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ রবিবার ২৯ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করেছেন। উত্তরা ব্যাংক কর্মচারী ইউনিয়নের নির্বাচিত সভাপতি একেএম আসরাফুজ্জামান খাঁনকে সভাপতি ও জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি পুনর্গঠন করেন তিনি। এছাড়া কমিটিতে আলহাজ আব্দুল আজিজকে সিনিয়র সহ-সভাপতি, শেখ  মো. শান্তকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।