সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখায় মেক্সিকোর চিয়াপাস রাজ্যের আদিবাসীদের কাছে ক্ষমা চেয়েছেন পোপ ফ্রান্সিস। তাদেরকে যারা সমাজ থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন তাদেরকে ক্ষমা করে দেয়ার জন্য এ আহবান জানান তিনি।
সোমবার চিয়াপাস রাজ্যে এক প্রার্থনা সভা চলাকালে তিনি এ আহবান জানান। তিনটি স্থানীয় ভাষায় এ প্রার্থনা সভা করা হয়। এর আগে ভ্যাটিকান তিনটি ভাষায় প্রার্থনা সভা চালানোর অনুমোদন করে এক ডিক্রি জারি করে। রাজ্যের স্যান ক্রিস্টোবাল দ্য লাস কাসায় উন্মুক্ত প্রার্থনা সভায় পোপ পরিবেশের হুমকি নিয়েও কথা বলেন।
দেশটিতে পাঁচ দিনের সফরকালে তিনি জোরপূর্বক দেশান্তরী হওয়া ও মাদক ব্যবহারের নিন্দা জানিয়েছেন। তিনি ‘দুর্গত নাগরিকদের প্রতি সুবিচার করতে’ মেক্সিকোর নেতৃবৃন্দকেও আহবান জানিয়েছেন। তবে সোমবার চিয়াপাস রাজ্যে ভাষণ দেয়ার সময়ে পোপ আদিবাসীদের দুর্দশার কথা তুলে ধরেন।
৭৯ বছর বয়সী পোপ বলেন, অনেক সময় আপনাদেরকে স্বয়ংক্রিয় ও সংঘবদ্ধভাবে সমাজ থেকে বিচ্যুত করে রাখা হয়েছে এবং আপনাদেরকে ভুল বোঝা হয়েছে। তিনি বলেন, কেউ কেউ আপনাদের মূল্যবোধ, সংস্কৃতি ও ঐতিহ্যকে খাটো করে দেখেছে। অনেকে ক্ষমতা ও অর্থ দিয়ে আপনাদের জমি চুরি করে নিয়েছে, আপনাদেরকে কলুষিত করেছে। এটা খুবই দুঃখের।
চিয়াপাস রাজ্যে রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সংখ্যা কম হলেও হাজার হাজার লোক পোপের বাণী শুনতে স্যান ক্রিস্টোবাল দ্য লাস কাসার খেলার মাঠে জড়ো হন। নারীরা বর্ণাঢ্য সব পোশাক পরা ছিল। পোপ আদিবাসীদের ব্যাপক প্রশংসা করে বলেন, তাদের কাছে বাকি বিশ্বের শেখার অনেক কিছু রয়েছে। তিনি পরিবেশের প্রতি যত্নবান হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এএফপি।