নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন বিএনপির: হাসান মাহমুদ

 
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, বিএনপির এখন যে দৈন্যদশা তার প্রধান কারণ হলো বিএনপির নেতৃত্ব। এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো নেতৃত্ব পরিবর্তন।
 
মঙ্গলবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থা আয়োজিত ‘বাংলাদেশ উন্নয়নের রোল মডেল’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
হাসান মাহমুদ বলেন, বিএনপির নেতা-কর্মীসহ ডেলিগেটরদের বলব আপনারা আসন্ন কাউন্সিলে যে নেতৃত্বের হাতে মানুষের রক্ত, যাদের গায়ে পোড়া মানুষের গন্ধ লেগে আছে তাদের সরিয়ে দিন। না হয় যতই কাউন্সিল করুন না কেন নেতৃত্বে পরিবর্তন না আনলে বিএনপি যে অতল গহবরে আছে তা হতে বেরিয়ে আসতে পারবে না।
 
আসন্ন কাউন্সিলের মাধ্যমেই বিএনপি বর্তমান সংকট উত্তরণ হবে - বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এমন বক্তব্যের প্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা যতই বলুক না কেন তাদের দলে কোন সংকট নেই কিন্ত ফখরুল সাহেব তার বক্তব্যের মাধ্যমে এটাই স্পষ্ট করেছেন যে বিএনপিতে সংকট চলছে।
 
প্রত্যাখ্যানের রাজনীতির কারণে বিএনপি আজ সংকটে পড়েছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বিএনপি সংঘাতময় রাজনীতি করে, সমঝোতার রাজনীতি চায় না। আমরা যে আলোচনা সমঝোতা চাই তারা তা চায়নি। ‘পলিটিক্স অব ডিনায়েল’র কারণে তারা আজ সংকটে।
 
সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান খোকনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, নির্মল রঞ্জন গুহ ও মুক্তিযোদ্ধা শেখ ছিদ্দিকসহ প্রমুখ।