শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে, তার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ বিএনপির। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘ওই মিথ্যা মামলা দিয়ে সরকার আসলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাদের উদ্দেশ্য খালেদাকে ‘রাজনীতি থেকে সরানো।’’
মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, “আজ তার বিরুদ্ধে এ ধরনের মামলার অর্থই হলো- এখানে গভীর ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রটি হচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া।”
গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।’
ওই বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগপন্থি এক আইনজীবী সরকারের অনুমতি নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। ওই মামলায় গত ২৫ জানুয়ারি আদালত খালেদার বিরুদ্ধে সমন জারি করে।
ফখরুল বলেন, ‘দীর্ঘকাল ধরে সংগ্রামের মধ্য দিয়ে যিনি বাংলাদেশের মানুষের হূদয়ে অবস্থান তৈরি করেছেন, তাকে এতো সহজে দূরে সরিয়ে দেয়া যায় না।’