মন্দির থেকে টাকা, গয়না চুরি হওয়ার ঘটনা তো হর হামেশাই ঘটে। কিন্তু চুল চুরি! তাও আবার ১০ লাখ টাকার! হ্যাঁ, এ রকমই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের সিমাচলমে বরাহলক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে। সেগুলো আবার যে সে চুল নয়। স্পেশাল গ্রেডের। এ রকম প্রায় ১০ ব্যাগ চুল খোয়া গেছে মন্দিরটি থেকে।
প্রতি দিন হাজার হাজার পুণ্যার্থী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরা আসেন। এমনকী পাশের রাজ্য ওড়িশা ও ছত্তীশগড় থেকেও প্রচুর লোক আসেন। তাদের চুল মন্দিরে উত্সর্গ করেন। দৈর্ঘ্য ও চুলের নমুনা দেখে সেগুলো একটি ঘরে স্তূপ করে রাখা হয় নিলামের জন্য। স্পেশাল গ্রেডের চুলের জন্য আবার আলাদা ঘর রয়েছে। মন্দিরের এক্সজিকিউটিভ অফিসার কে রামচন্দ্র মোহন বলেন, ‘এ রকম ১৫ ব্যাগ চুল কেশ কন্দন শালায় রাখা ছিল। তার মধ্যে ১০ ব্যাগ চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা।’ পুলিশ এসে তদন্তের পর প্রাথমিক ভাবে জানিয়েছে, এই চুরির সঙ্গে মন্দিরের ভিতরের কারও যোগ রয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা