বাংলাদেশের কারিগরি শিক্ষার পরিবেশ আরো উন্নত হবে : নাহিদ

বাংলাদেশের ১১৫০ জন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রশিক্ষণ দেবে সিংগাপুর । এ লক্ষ্যে মঙ্গলবার সিংগাপুরে এক অংশিদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে সিংগাপুরের নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ সরকারের পক্ষে অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং সিংগাপুর সরকারের পক্ষে নানিয়ান পলিটেকনিক ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুং তেজ ফুন এ চুক্তিতে স্বাক্ষর করেন।
 
চুক্তি অনুযায়ী আগামী ৩ বছরে ১ থেকে ৬ সপ্তাহ মেয়াদী মোট ৬০টি প্রশিক্ষণ কোর্সে পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তা মিলে মোট ১১৫০ জন সিংগাপুরে নানিয়ান পলিটেকনিক ইন্টারন্যাশনালে প্রশিক্ষণ নেবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) মাধ্যমে এ সহযোগিতার আওতায় নানিয়ান পলিটেকনিক ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১০টি পলিটেকনিট ইনস্টিটিউটে ১০টি অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপন করবে বলেও চুক্তিতে উল্লেখ করা হয়।
 
চুক্তির আওতায় প্রশিক্ষণ ও ল্যাব স্থাপনে ৫৬ কোটি টাকা ব্যয় হবে। যার ৩১.১৫% নানিয়ান পলিটেকনিক ইন্টারন্যাশনাল এবং ৬৮.৮৫% বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক ও কানাডার অর্থায়নে পরিচালিত স্টেপ প্রকল্প বহন করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইমরান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএস মাহমুদ, ন্যাশনাল স্কিলস ডেভলপমেন্ট কাউন্সিল সেক্রেটারিয়েটের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম খোরশেদ আলম, সিংগাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান এবং বাংলাদেশে সিংগাপুরের হাইকমিশনার চ্যান হেং উইং উপস্থিত ছিলেন।