সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
এক শোক বিবৃতিতে তিনি বলেন, সততা, আইন পেশায় ন্যায়নিষ্ঠতা এবং সাংবিধানিক সত্য ভাষণের ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের আইন পেশায় সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি হিসেবে সবার হৃদয় জয় করেছিলেন এই আইনজ্ঞ। তার মৃত্যুতে আইনের জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। তার মত প্রগতিশীল এবং মুক্ত চিন্তার মানুষ আমাদের সমাজে বিরল। মাহমুদুল ইসলাম আইন বিষয়ক জ্ঞান এবং সত্যের প্রতি অবিচলতা দেখিয়ে সমগ্রজাতিকে অনুপ্রাণিত করেছিলেন।
মুহাম্মদ ইউনূস বলেন, ‘অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম তার কর্ম, সাংবিধানিক গবেষণামূলক বই লেখনী ও সৃষ্টির ম্যাধমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’