সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো, খলিশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরদার শরিফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নীল কোমল দাশ, আওয়ামী লীগ নেতা গৌতম ঘটক এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারদিন আহসান দ্বীপ।
প্রত্যক্ষদর্শী তালা উপজেলার তথ্য প্রযুক্তি লীগের সভাপতি জোহর হাসান জানান, ‘কদিন আগে এক নেতাকে গঠনতন্ত্র বহির্ভূতভাবে বহিষ্কার করা হয়। এ নিয়ে রাত সাড়ে দশটার সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর দাশের সঙ্গে গৌতম ঘটক ও কামরুল সরদারের বাকবিণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রুপ নেয়। এতে ৫ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খলিষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার জানান, ‘উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যালয়ে ফেরে। পরে নেতা-কর্মীরা বাড়ি ফিরে গেলেও অফিসে ৮/১০ জন নেতাকর্মী ছিলাম। হঠাৎ এ হামলার ঘটনা ঘটে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুলতান সরদার ও তার সহযোগী কামরুল, সুজিত ও ফারদিন হাসান এহসান দীপসহ কয়েকজন এই হামলা করেছে। এতে ৫ নেতাকর্মী আহত হয়েছে।
তবে হামলার বিষয়ে জানতে সদ্য বহিষ্কৃত নেতা সুলতান সরদারের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
খলিষখালী ক্যাম্পের ইনচার্জ এসআই নিখিল দাশ জানান, ঘটনাটি খুব দুঃখজনক। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
আরও পড়ুনঃ মোরেলগঞ্জে কিশোরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, আটক ১
এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইত্তেফাক/নূহু