সেভ : কনটেন্ট সংরক্ষণের ফেসবুক সেবা

ফেসবুকের নিউজ ফিড এখন একটি ভাসমান সংবাদ মাধ্যম। নানা তথ্য আসে এখানে। বিভিন্ন স্থান, ইভেন্ট, মুভি, টিভি শো, মিউজিকসহ আরও অনেক কন্টেন্টের খবরের সমাহার হলো সামাজিক যোগাযোগ মাধ্যমটির এই নিউজ ফিড। এসব কনটেন্ট অনেক সময় আমাদের জরুরি কাজেও লাগে। কিন্তু সময়ের অভাবে তা সংরক্ষণ করা যায় না। গ্রাহকদের এ সমস্যা মেটাতেই ফেসবুক আনে বুকমার্কিং ফিচার ‘সেভ’।
 
সেভ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের কনটেন্ট সংরক্ষণ করে রাখতে পারেন। চাইলেই এর সাহায্য নিয়ে যে কোনো কনটেন্টের লিংক সংরক্ষণ করে রাখা যায়। বুকমার্কে সংরক্ষিত লিংকগুলো বিভিন্ন ক্যাটাগরি আকারে ভাগ করা থাকে এবং ব্যবহারকারী চাইলে পরে তা দেখতে পারেন।
 
এখানেই শেষ নয়, চাইলে আইটেমগুলো ব্যবহারকারীরা একটি আর্কাইভেও সংরক্ষণ করতে পারেন। আর্কাইভ থেকে লিংকগুলো ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন।
 
এ ব্যাপারে ফেসবুকের সফটওয়্যার প্রকৌশলী দানিয়েল গিয়ামবালভোর বক্তব্য, প্রতিদিন ফেসবুকে অনেক মজার মজার স্টোরি থাকে, যেগুলোর সব একসাথে দেখতে বা পড়তে পারেন না ব্যবহারকারীরা। সেভ ফিচারের মাধ্যমে এখন থেকে ওই স্টোরিগুলো সংরক্ষণ করে রাখা যাবে এবং ব্যবহারকারী পরে সময় নিয়ে এগুলোর যথাযথ ব্যবহার করতে পারবেন।
 
ওই প্রকৌশলী বলেন, সংরক্ষিত আইটেমগুলোর কথা ভুলে গেলেও সমস্যা নেই। কেননা ফেসবুক ব্যবহারকারীকে রিমাইন্ডার দিয়ে তা আবার মনে করিয়ে দিবে।
 
‘সেভ’ ফিচারটি আইওএস, অ্যান্ড্রয়েড এবং ওয়েব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়।