আফ্রিকায় ১০ লাখ শিশু পুষ্টিহীনতায় ভুগছে

আফ্রিকার পূর্ব ও দক্ষিণাঞ্চলে প্রায় ১০ লাখ শিশু ‘মারাত্মক পুষ্টিহীনতায়’ ভুগছে। অঞ্চলটিতে দুই বছর ধরে চলা খরা ও ৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনোর কারণে চরম খাদ্যাভাব দেখা দিয়েছে। 
 
বুধবার ইউনিসেফ একথা জানিয়েছে।  আন্তর্জাতিক শিশু বিষয়ক সংস্থাটি জানায়, ওই অঞ্চলের শিশুরা মারাত্মক খাবার ও পানির সংকটে রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পরিস্থিতিকে আরো সংকটময় করে তুলছে। ইউনিসেফের আঞ্চলিক পরিচালক লিলা গারাগোজলু পাক্কালা বলেন, এল নিনো আবহাওয়ার প্রভাব হ্রাস পেয়েছে। কিন্তু তা সত্ত্বেও যারা ইতোমধ্যেই দিন আনে দিন খায় তাদের ওপর আগামী কয়েক বছর এর প্রভাব থাকবে।
 
তিনি আরো বলেন, সরকার তার সীমিত সামর্থ্য নিয়েই এই সংকট মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এটি নজিরবিহীন পরিস্থিতি। এ মুহূর্তে কি পদক্ষেপ নেয়া হচ্ছে তার ওপরেই শিশুদের বেঁচে থাকার বিষয়টি নির্ভর করছে। ইউনিসেফ ইথিওপিয়ার জন্য ৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, অ্যাঙ্গোলার জন্য ২ কোটি ৬০ লাখ ও সোমালিয়ার জন্য ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তার জন্য আহ্বান জানিয়েছে। এএফপি।