সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহমুদুল ইসলামকে বিদায় জানালেন সুপ্রিম কোর্টের বিচারক ও সর্বস্তরের আইনজীবীরা।
বুধবার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধান বিচারপতি এম এন এন রুহুল আমিন, বিচারপতি এম তাফাজ্জল ইসলাম, বিচারপতি মোহম্মদ মোজাম্মেল হক সহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সিনিয়র ও জুনিয়ার আইনজীবীরা অংশ নেন।
জানাজা শেষে প্রধান বিচারপতি এস কে সিনহা মাহমুদুল ইসলামের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া আইনমন্ত্রী সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, রংপুর বিভাগীয় আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পরে মাহমুদুল ইসলামের মরদেহ রংপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে মাহমুদুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আপিল ও হাইকোর্ট বিভাগ কার্য দিবসের দ্বিতীয় ভাগে মামলা পরিচালনায় অংশ নেয়নি।