সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনের কাজ মে মাসের শেষ সপ্তাহে শেষ হবে বলে আশা করছি। বুধবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে উন্নয়ন প্রকল্প বিষয়ক এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, চারলেনের পাশাপাশি রাজধানীর সাথে চট্টগ্রাম মহানগরীর মধ্যে স্বল্পতম সময়ে যাতায়াত নিশ্চিত করতে একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এটি হবে বিদ্যমান চারলেনের উপর দিয়ে সম্পূর্ণ উড়ালপথে। ২২৫ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপথ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ হাজার কোটি টাকা।
তিনি আরো জানান, পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শহীদ শেখ কামাল সেতু ও শহীদ শেখ জামাল সেতুরও নির্মাণ কাজ শেষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ ফেব্রুয়ারি সেতুগুলো আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করবেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।-বাসস।