বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত এক সপ্তাহে বিভিন্ন জেলায় সাংবাদিক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০টিরও বেশি মানহানির মামলা করা হয়েছে এবং সমন জারি হয়েছে, তাতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। সাংবাদিকতার নীতি নৈতিকতা মেনে বিশেষ পরিস্থিতিতে প্রকাশিত সংবাদ বিষয়ে ভুল স্বীকার করার মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি হয়ে গেলে বাক স্বাধীনতার জগতে এক উন্নত সংস্কৃতির নজির হতে পারতো। কিন্তু জেলায় জেলায় তাঁর বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার ঢালাও অভিযোগ এনে এতগুলো মামলা করায় বিষয়টি হয়রানির পর্যায়ে চলে গেছে। তা একটি গণতান্ত্রিক পরিবেশ এবং সংবাদপত্রসহ নাগরিকের মত প্রকাশের স্বাধীনতাকে অবজ্ঞা করার শামিল।’ এ ধরনের অবস্থান অগণতান্ত্রিক ও প্রতিক্রিয়াশীল চক্রকে তাদের দুরভিসন্ধিমূলক অপপ্রয়াস চালাবার সুযোগ করে দিতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। তাঁরা সরকার, গণমাধ্যম ও নাগরিকের স্ব স্ব ক্ষেত্রে অধিকতর দায়িত্বশীল হয়ে এ ধরনের অবস্থার মোকাবিলার আহ্বান জানান।