বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ নির্মাণে ১০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিচ্ছে চীন। সেখান থেকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে গুইজু প্রদেশে সরিয়ে নেয়া হচ্ছে তাদের।
এজন্য ক্ষতিপূরণ হিসেবে তাদের দেয়া হবে ১২ হাজার ইউয়ান, বাংলাদেশি টাকায় যার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।
চীনের বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাতকারে প্রকল্পের প্রধান বিজ্ঞানী বলেন, ফাস্ট নামের এই টেলিস্কোপের মাধ্যমে মহাবিশ্বের অনেক নতুন তথ্য জানা সম্ভব হবে। ৫০০ মিটার প্রস্থের এই টেলিস্কোপটি তৈরি হলে এটাই হবে সবচেয়ে বড় টেলিস্কোপ। এটি তৈরিতে খরচ হচ্ছে ১ দশমিক ২ বিলিয়ন ইউয়ান অর্থাৎ প্রায় দেড় হাজার কোটি টাকা। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপটি ৩শ' মিটার চওড়া। টেলিস্কোপটি পুয়ের্তো রিকোতে রয়েছে।
এ ব্যাপারে দেশটির আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা লি ইউশেং বলেন, "এই পুনর্বাসনের ফলে একটি সুষ্ঠু বিদ্যুৎচুম্বক তরঙ্গের পরিবেশ তৈরি হবে।" তবে, এই পুনর্বাসন নিয়ে অসন্তোষ রয়েছে দেশটির বাসিন্দাদের মাঝে। কারণ, এর আগে বড় বাঁধ আর খাল বানাতে নেওয়া পুনর্বাসন প্রকল্পের ক্ষেত্রে দেওয়া ক্ষতিপূরণ নিয়ে সন্তুষ্ট ছিলেন না তারা।