চ্যারিটেবল ট্রাস্ট মামলা: তদন্ত কর্মকর্তার জেরা চলছে

দুদকের দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদের জেরা চলছে। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশি বাজারস্থ আলিয়া মাদ্রাসাসংলগ্ন অস্থায়ী আদালতে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।
 
ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার আদালত পরিচালনা করছেন।
 
জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন তার আইনজীবী আমিনুল ইসলাম। এর আগে গত ১১ ফেব্রুয়ারি তার পক্ষে আংশিক জেরা অনুষ্ঠিত হয়।
 
এদিকে গত ৪ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়। খালেদা জিয়ার পক্ষে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল আব্দুর রেজ্জাক খান  জেরা  করেন।
 
বৃহস্পতিবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে শারীরিক অসুস্থতার কারণে বেগম জিয়া আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন । আদালত সময়ের আবেদন মঞ্জুর করে মুন্নার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা করার আদেশ দেন।
 
উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ মার্চ ওই আদালতের তৎকালীন বিচারক বাসুদেব রায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং অরফানেজ ট্রাস্টের দুই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।