সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন নালিশের রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। আর তারা নির্বাচনে ব্যর্থ হয়ে এ কাজটি করছে।
বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ আর আগে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের সালনায় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে ওভার ব্রিজ উদ্বোধন করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলছেন- আমারা দখলের প্রকল্প চালু করেছি। তিনি মির্জা ফকরুলকে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘যদি আমরা দখল করি? রেজাল্ট ছিনতাই করি? তাহলে ঠাকুরগাঁওয়ে আপনার ভাই কিভাবে বিএনপির টিকিটে পৌর নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন? এ প্রশ্নের জবাব কি? আমরা যদি দখলই করতাম, তাহলে কি বিএনপি দখল করেই জিতেছে? তাদের তো ৩০ জনের কাছাকাছি মেয়র নির্বাচিত হয়েছে। তারা কি দখল করে নির্বাচিত হয়েছেন।