তুরস্কে সামরিক বাহিনীর ওপর বোমা হামলায় নিহত ২৮

তুরস্কের রাজধানী আঙ্কারার প্রাণকেন্দ্রে বুধবার সামরিক বাহিনীকে লক্ষ্য করে চালানো একটি গাড়ি বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। ডেপুটি প্রধানমন্ত্রী নুমান কার্তুলমাস বলেন, সামরিক গাড়ি বহরে এই বিস্ফোরণ ঘটে। তিনি এই ঘটনায় নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
 
কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান হামলাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের শপথ নিয়েছেন। আঙ্কারার মধ্যাঞ্চলে সৈন্যবাহী বাসের একটি বহর ট্রাফিক সিগনেল মেনে থেমে গেলে বোমা বিস্ফোরণটি ঘটানো হয়। হামলার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।তুরস্কের সামরিক সদরদপ্তর ও পার্লামেন্ট ভবনের কাছে এ হামলা চালানো হয়। 
 
ঘটনাস্থল থেকে মোটা ধোঁয়ার কু-লী আকাশের দিকে উঠতে দেখা গেছে।আঙ্কারার সকল স্থান থেকেই প্রচ- বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের শব্দে বাসিন্দারা আতঙ্কিত হয়ে কি ঘটেছে তা জানার জন্য বাড়ির বারান্দায় ছুটে আসে।২৫ বছর বয়সী গুরকান বলেন, ‘আমি একটি অগ্নিগোলক দেখতে পেয়েছি।’ তিনি ঘটনাস্থল থেকে ৫শ’ মিটার দূরে দাঁড়িয়ে ছিলেন। তিনি আরো বলেন, ‘বিস্ফোরণের আওয়াজ শুনে আতঙ্কিত মানুষ দিশেহারা হয়ে ছুটোছুটি করতে থাকেন।’
 
এরদোগান হুঁশিয়ার করে বলেছেন, ‘তুরস্ক তার আত্মরক্ষার অধিকার বাস্তবায়নে ইতস্তত করবে না। যে কোন সময়, যে কোন স্থানে তুরস্ক এই অধিকার প্রয়োগ করবে।’ভয়াবহ এই হামলার কারণে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেৎ দাবুতোগলু বৃহস্পতিবারের ব্রাসেলসে সফরের পরিকল্পনা বাতিল করেছেন। ইউরোপে চলমান শরণার্থী সংকট নিয়ে আলোচনা করতেই ব্রাসেলস যাওয়ার কথা ছিল তার। এছাড়া তিনি আজারবাইজান সফরও স্থগিত করেছেন।আঙ্কারায় অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছেছে। সেখান থেকে স্ট্রেচারে করে আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে।