বিএনপি এখন নালিশী দলে পরিণত হয়েছে : সেতুমন্ত্রী

'পৌরসভা নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। এটা দেশ-বিদেশে সবাই স্বীকার করেছে। আমরা ইউপি নির্বাচনও শান্তিপূর্ণ ভাবে করতে চাই। বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে নালিশী রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তারা নালিশী দলে পরিণত হয়েছে।' সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বৃহষ্পতিবার গাজীপুর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে এ কথা বলেন।
 
‘সরকার দখলের প্রকল্প চালু করেছে’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, আমি তাকে পাল্টা প্রশ্ন করেছি, আমরা যদি দখলই করি, ফল ছিনতাই করি তাহলে ঠাকুরগাঁয়ে আপনার ভাই বিএনপি থেকে কিভাবে পৌর নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন? বিএনপি ৩০টি পৌরসভায় নির্বাচিত হয়েছে। তাহলে কি তারাও সেগুলোতে দখল করে জয়ী হয়েছে? 
 
তিনি বলেন, সারাদেশে আগামী তিন-চার বছরের মধ্যে সড়ক যোগাযোগ নেটওয়ার্কের দৃশ্যমান পরিবর্তন সবাই দেখতে পাবে। জনগণ সুবিধা পাবে। দুর্ঘটনা যানজট সেটাও আমাদের একটা চ্যালেঞ্জ, এ চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। যানজটের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 
 
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, জয়দেবপুর-বিমানবন্দর র‌্যাপিড বাস ট্রানজিট প্রকল্পের কাজ আগামী এপ্রিল মাসের মধ্যে শুরু হবে। জয়দেবপুর-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম ফোর লেনের টুকিটাকি কাজ শেষ করার পর আগামী মে মাসের মধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।