টাকা ফেরত পেলেন ২৪ গ্রাহক

এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে গ্রাহকের কার্ডের তথ্য চুরি করে নকল কার্ড বানিয়ে ২০ লাখ ৫৯ হাজার টাকা হাতিয়ে নেয় জালিয়াত চক্র। ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) তাদের ২৪ জন গ্রাহকের অ্যাকাউন্টে ১৭ লাখ ৫৩ হাজার টাকা জমা করেছে। গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকে ৫ গ্রাহকের হাতে খোয়া যাওয়ার সমপরিমাণ টাকার চেক তুলে দেয়া হয়।
 
অনুষ্ঠানে ব্যাংকগুলোকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গ্রাহকরা। ক্ষতিগ্রস্ত এক গ্রাহক মাহবুবা আক্তার বলেন, মানুষের ভরসার জায়গা হচ্ছে ব্যাংক। সেই ব্যাংকেই যদি এ রকম জালিয়াতির ঘটনা ঘটে, তাহলে আর ভরসা থাকবে কোথায়? এ ধরনের ঘটনার পর এটিএম কার্ড ব্যবহার ছেড়ে দেবেন কি না সে বিষয়েও চিন্তা করছেন বলে জানান তিনি।
 
বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাহবুবা আক্তারকে ৮০ হাজার টাকা, শাসিফুজ্জামানকে এক লাখ ৬০ হাজার টাকা, মো. কামরুজ্জামানকে ৫ হাজার টাকা, আবু মুসা তারিককে ৫ হাজার টাকা ও দীপন চন্দ্র দে-কে ৭ হাজার টাকা ফেরতের চেক দেয়া হয়। এদিকে অন্যান্য ব্যাংকের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আগামী সপ্তাহে টাকা ফেরত দেয়া হবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, অনেক বড় ক্ষতি হতে পারত, তবে গ্রাহকদের সতর্কতা, ইবিএলের এসএমএস সিস্টেমস্, সংশ্লিষ্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের তাত্ক্ষণিক ব্যবস্থা তেমন কোনো বড় ক্ষতি হতে দেয়নি।