ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও টুইনওয়ান ট্যাব আনছে হুয়াওয়ে

২২ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে হ্যান্ডসেটের মহোৎসব মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)-২০১৬। এতে চমক তৈরি করতে মুখিয়ে আছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। নিজের বাজার অবস্থানের জানান দিতে ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি৯ ও মেটবুক নামের টুইনওয়ান ট্যাব আনতে যাচ্ছে চীনা এই প্রতিষ্ঠান।
 
বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রভাব বিস্তার করে চলেছে হুয়াওয়ে। সংশ্লিষ্ট খাতে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে এ প্রতিষ্ঠান। এই অবস্থান পাকাপোক্ত করতে এমডব্লিউসি’তে পি৯ স্মার্টফোন ও টুইনওয়ান ট্যাব প্রদর্শন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সূত্র- আইবিএন লাইভ।
 
ডিভাইস দুটির স্পেশিফিকেশন নিয়ে খুব বেশি কিছু জানা যায়নি।
 
ফাঁস হওয়া তথ্যের বরাত দিয়ে বিভিন্ন বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম জানিয়েছে, পি৯ স্মার্টফোনে হুয়াওয়ে পি৮ এর মতো ৫.২ ইঞ্চির ডিসপ্লে থাকবে। ডিভাইসটির ডিজাইন বাঁকানো হতে পারে। ৪জিবি র‍্যামের এই ফোনে হুয়াওয়ের নিজস্ব অক্টা-কোর কিরিন প্রসেসর থাকবে। এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও অটো-ফোকাসের দুটি রিয়ার ক্যামেরা থাকতে পারে।
 
মেটবুকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থন সুবিধাও থাকবে।
 
হুয়াওয়ে কর্তৃপক্ষ মুখে কুলূপ এঁটে রাখায় ডিভাইস দুটির ব্যাপারে নির্দিষ্ট করে আর কিছু জানাতে পারেনি প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলো।