আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নির্বিঘ্নে করতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি তিন ব্যাটালিয়ন র্যাব মোতায়েন করা হবে। র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকের এ কথা জানান।
তিনি বলেন, ‘শহীদ মিনারের নিরাপত্তায় ২, ৩ ও ৫ ব্যাটালিয়নের র্যাব সদস্যরা থাকবেন।’ নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে র্যাবের হেলিকপ্টার মহড়া হয়।
যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাবের ‘বম্ব স্কোয়াড’ ও ‘স্ট্রাইকিং ফোর্সকে’ সার্বক্ষণিক প্রস্তুত রাখা হচ্ছে বলেও জানান বেনজীর।
সাদা পোশাকের র্যাব সদস্যরা এবং টহল দল বৃহস্পতিবার থেকেই শহীদ মিনার এলাকায় নজরদারি চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, র্যাবের বোমা নিষি্ক্রয়করণ দল ও ডগ স্কোয়াড কয়েকবার শহীদ মিনার এলাকা ‘সুইপিং’ করেছে, শনিবারও ‘সুইপিং’ করা হবে। এছাড়া শহীদ মিনারের পুরো বেদী র্যাবের ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় থাকবে একং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে বলে এই বাহিনীর প্রধান জানান।