খালেদা জিয়া নিজেই সংশয়ে আছেন: হাছান মাহমুদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই সংশয়ে থাকায় সরকারকে দোষারোপ করছেন বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। শুক্রবার দুপুরে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি’র ছাত্র ফ্রন্ট গঠন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ঢাকায় এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
 
তিনি বলেন,  ‘আসলে খালেদা জিয়া কাউন্সিল নিয়ে সংশয়ের মধ্যে আছেন। কাউন্সিল হলে যদি তার বিদ্রোহী কর্মীরা আন্দোলন শুরু করে দেয়, সেই ভয়ে আছেন তিনি। আর এ ভয় থেকেই সরকারকে দোষারোপ করছেন। দলের কাউন্সিল এড়িয়ে যাবার জন্যই খালেদা জিয়া সরকারকে দোষারোপ করছে।’
 
তবে বিএনপির দলীয় কাউন্সিলকে স্বাগত জানিয়ে এর মধ্যে দিয়ে দলটি ‘জঙ্গি ও সন্ত্রাসের নেতৃত্ব’ থেকে বের হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাছান মাহমুদ।
 
আলোচনা সভায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে পদত্যাগের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেন, “ভুল যখন স্বীকার করেছেন, এবার দয়া করে পদত্যাগ করুন। আমাদের দেশে তথ্য যাচাই বাছাই না করেই অনেক সময় সংবাদ প্রকাশ করা হয়; সেটি যখন ভুল প্রমাণতি হয় তখন মামলা হলে নানান রকমের কথা ওঠে।’
 
তবে একই সাথে যেন কোনও ব্যক্তির মানহানি না হয়, সে দিকেও সচেতন থাকতে হবে বলেও জানান তিনি।