ট্রাম্পের ধর্ম বিশ্বাস নিয়ে পোপের প্রশ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন পোপ ফ্রান্সিস। এই ধনাঢ্য ব্যবসায়ীকে লক্ষ্য করে পোপ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, তিনি কি খ্রিষ্টান? মেক্সিকো সীমান্তে একটি দেয়াল তোলা নিয়ে ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষাপটে তিনি এই প্রশ্ন তোলেন।
 
ট্রাম্প সম্পর্কে পোপ বলেন, যে ব্যক্তি সেতু নির্মাণের কথা না ভেবে কেবল দেয়াল নির্মাণের কথা ভাবেন, তিনি খ্রিষ্টান নন। ছয়দিনের মেক্সিকো সফর শেষে ট্রাম্প সম্পর্কে এমন মন্তব্য করেন পোপ। তবে ট্রাম্পকে মার্কিনীদের ভোট দেয়া উচিত কি-না, এ বিষয়ে কিছু বলেননি তিনি।
 
বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ১ কোটি ১০ লাখ মেক্সিকান অভিবাসীকে সেখান থেকে বের করে দেয়ার পক্ষে ট্রাম্প। তার দাবি, মেক্সিকো ‘ধর্ষক’ ও ‘অপরাধীদের’ যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। পোপের মন্তব্যের প্রতিক্রিয়ায় সাউথ ক্যারোলিনায় এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘কোনো ব্যক্তির বিশ্বাস সম্পর্কে কোনো ধর্মীয় নেতার প্রশ্ন তোলাটা লজ্জাজনক। খ্রিষ্টান হিসেবে আমি গর্বিত।’ ট্রাম্প আরও বলেন, কোনো নেতা, বিশেষ করে একজন ধর্মীয় নেতার অন্য ব্যক্তির ধর্ম বা বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই।
 
এদিকে জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েকটি দেশে যে গর্ভপাতের আহ্বান জানানো হয়েছে, সে ব্যাপারে পোপ ফ্রান্সিস বলেছেন, গর্ভপাত এক ধরনের অপরাধ, শয়তান-বৃত্তি। তবে গর্ভধারণ এড়িয়ে যাওয়ায় কোনো বাধা নেই। সূত্র: বিবিসি  ও রয়টার্স