বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারণেই দলটি সাংগঠনিকভাবে ‘বিপর্যস্ত’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ স্মরণে আয়োজিত এক সভায় একথা বলেন তিনি।
বিএনপিকে শক্তিশালী দল হিসেবে দেখতে চান মন্তব্য করে তিনি বলেন, ‘‘বিএনপি আজ সাংগঠনিকভাবে বিপর্যস্ত, এর জন্য খালেদা নিজেই দায়ী। রাজনীতির মাঠে হোক আর নির্বাচনের মাঠেই হোক, আমরা তাদের সাথে লড়াই করতে চাই। কারণ রাজনৈতিক দল ছাড়া রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে না। কিন্তু খালেদার ভুলে বিএনপি সংসদেও আসন হারিয়েছে।’
এ সময় বিএনপিকে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমস্ত্রী। নাসিম বলেন, “ইউরোপীয় ইউনিয়নও নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত হতে বলে গেছে। আমরাও বলি ২০১৯ সালের জন্য প্রস্তুত হোন।”
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এই সভায় তিনি বলেন, ‘শেখ হাসিনা উদার রাজনীতি করেন, তার নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করব। আপনারা প্রস্তাব দিচ্ছেন না কেন? সবার সাথে আলোচনা করেই পরবর্তী নির্বাচন কমিশন আরও শক্তিশালী করা হবে।’
খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আপনি (খালেদা) মিথ্যা, অসত্য ও যুক্তিহীন কথা বলে মাঠ গরম করছেন। এতে আপনি নেতৃত্বের যোগ্যতা হারাচ্ছেন। নির্বাচনে যখন আসছেন, তখন বৈধ বা অবৈধ বলে লাভ হবে না। এতে জনগণ হাসে, তামাশা করে আপনাকে নিয়ে। এতে আপনার দলকে ও নিজেকে দুর্বল করছেন আপনি।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু ও সাম্যবাদী দলের হারুন চৌধুরী।