যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশাসীমা অভিমুখে রাশিয়ার দুটি বোমারু বিমানকে ব্রিটিশ বিমান বাহিনী তাড়া করেছে। -খবর বিবিসির।
ব্রিটিশ সামরিক বাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে জানায়, দুটি রাশিয়ান বোমারু বিমান আশেপাশের এলাকা দিয়ে উড়ছিল। কিন্তু যুক্তরাজ্যের আকাশসীমায় ঢোকেনি। গত একবছরে অন্তত ছয়বার রুশ যুদ্ধ বিমানকে তাড়া করল যুক্তরাজ্যের বিমানবাহিনী।
গতবছর নভেম্বর মাসে একই ধরনের ঘটনা ঘটেছিল যখন রাশিয়ার বোমারু বিমান আটলান্টিকের উপর দিয়ে উড়ছিল। ব্রিটিশ বিমান বাহিনী বিবিসিকে জানায়, এই ধরনের ঘটনা অস্বাভাবিক এবং ফাইটার জেটগুলোকে এলার্ট পাওয়ার পর খুব দ্রুতই পাঠিয়ে দেয়া হয়।
যুক্তরাজ্যের বিমান বাহিনীর প্রাক্তন পাইলট এন্ড্রো ব্রোকে বিবিসিকে বলেন, কোনো ধরনের কারণ ছাড়াই রাশিয়ার বিমান যুক্তরাজ্যের আকাশসীমায় ঢুকতে চেয়েছে। এতে বুঝা যায় যে, রাশিয়া ক্ষমতা প্রদর্শনের জন্য এমন করছে। তিনি বলেন, ‘তারা কোনো যুদ্ধের উস্কানি দিতে চাচ্ছে না। এটা স্নায়ুযুদ্ধও নয়। রাশিয়া এই ধরনের কাজের মাধ্যমে আমাদের চোখে আঙুল দিতে চায়।’
ডিসেম্বরে ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তারা রাশিয়ার বিমান ঢুকে পড়ার বিষয় নিয়ে আলোচনায় বসেছিল। রাশিয়ার বিমানগুলো যদিও যুক্তরাজ্যের সীমানায় না ঢুকে খুব কাছাকাছি দিয়ে উড়ে যায়।