মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে নৈশকোচ খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বুধবার মধ্যরাতে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হারুন মিয়া (৪২)। তিনি ওই বাসের হেলপার।
নিহত হারুন মিয়া লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী গ্রামের নুরু মোহাম্মদের ছেলে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, বুধবার রাতে গ্রীণলাইন পরিবহনের একটি নৈশকোচ ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। রাস্তায় অন্য যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে কোচটি মহাদেবপুর এলাকায় সড়ক বিভাজনের ডানপাশ দিয়ে ঢুকে পড়ে।এ সময় দ্রুতগতির কোচটি রাস্তার ডানপাশেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের হেলপার হারুন নিহত হন।
আরও পড়ুনঃ বাল্যবিয়ে বন্ধ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার
স্থানীয় বাসিন্দা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত ২ জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু