ফুটপাত দখলমুক্ত করতে সহযোগিতা করুন: আনিসুল হক

 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘এখন থেকে নতুন সড়ক, বাসাবাড়ি ও স্কুল নির্মাণের ক্ষেত্রে গাছ লাগানো বাধ্যতামূলক করা হবে।’
 
শুক্রবার রাজধানীর মিরপুর জাতীয় মুকুল ফৌজ মাঠে সবুজ ঢাকা ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এ সময় তিনি জানান, আবর্জনা পরিষ্কার ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আর এসব কাজে রাজধানীর নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন তিনি।
 
ডিএনসিসির মেয়র বলেন, ‘যে এলাকায় ফুটপাত দখল হবে সেই থানায় চলে যাবেন  মেয়র-কাউন্সিলরা। দয়া করে আপনাদের বদনাম যেন না হয় সেই হিসেবে কাজ করুন।’ মেয়র বলেন, ‘রাস্তা-ফুটপাতসহ মূল জায়গাগুলো খালি করা হচ্ছে। এসব মুক্ত করতে কাউন্সিলর থেকে শুরু করে সবাই এবার মেয়রের পলিটিক্যাল মাস্তানি দেখবে। ফুটপাত পরিষ্কার করা শুরু করেছি, এপ্রিলের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। কারও ওপর অত্যাচার করতে চাই না, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য কিছু করার চেষ্টা করছি।’