অমর একুশে গ্রন্থমেলায় আসলো তরুণ কবি আব্দুল্লাহ আল মুক্তাদিরের 'অন্য গাঙের গান, সমুদ্রসমান' বইটি। প্লাটফর্ম প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি পাওয়া যাচ্ছে তাদের স্টলেই (৪৯২)।বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
বই নিয়ে মুক্তাদির বলেন, যুগ কবিতাকে বেঁধে ফেলতে চায়নি বা পারেনি কোন কালেই। সময় অনেক উদার। ইচ্ছা করলেই সময়কে ছেড়ে যাওয়া যায়, আবার ফিরেও আসা যায়। সেই ইচ্ছাটার গুরুত্ব মানিনা বলেই আমাদের কবিতাগুলো শতাব্দী, যুগ আর বছরের বিভাজনে পৃথক; আর আমরা অন্ধ হয়ে আলাদা। 'আধুনিকতা' বা 'উত্তরানুধিকতা'- যাই বলি না কেন কোনটাই কোন যুগের একান্ত নয়। তেমনি রোমান্টিক চেতনা, পৌরাণিকতা, লোকজ অনুভূতি-সমস্তই চিরদিন বিরাজমান। এই কাব্যের কবিতাগুলোর স্বভাব অতীত-বর্তমান-ভবিষ্যতে নির্বিবাদ বিচরণের। যদি পুরানো হয় তবুও সকল যুগের, আধুনিক হলেও সব কালের আধুনিক।
আব্দুল্লাহ আল মুক্তাদিরের জন্ম সিরাজগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে এখন শিক্ষকতা করছেন ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে।
দৈনিক সংবাদের সাহিত্য পাতায় ছোটগল্প ও কবিতা প্রকাশের মাধ্যমে আত্মপ্রকাশ ২০১০ সালে। অন্য গাঙের গান, সমুদ্রসমান তাঁর প্রথম কবিতার বই।