শিগগিরই ৩০০ কর্মী ছাটাই করছে ইয়াহু

প্রযুক্তি বাজারে সময়টা ভালো যাচ্ছে না ইয়াহুর। নানা চেষ্টা করেও মুনাফার নাগাল পাচ্ছে না প্রতিষ্ঠানটি। সেজন্য ১৫০০-এরও বেশি কর্মী ছাটাইয়ের পরিকল্পনা হাতে নিয়েছে এই প্রতিষ্ঠান। আর এর অংশ হিসেবে চলতি বছরের ১৮ এপ্রিলের মধ্যে তিনশ’রও বেশি কর্মী ছাটাই করতে যাচ্ছে সংশ্লিষ্টরা।
 
ইয়াহুর সাম্প্রতিক সকল পদক্ষেপই ব্যর্থ হয়েছে। সফলতা না পাওয়ায় প্রতিষ্ঠানটির মূল ইন্টারনেট ব্যবসাই বিক্রি করে দেয়ার পরিকল্পনা হাতে নেয় কর্তৃপক্ষ। কিন্তু সেই পদক্ষেপও আপাতত বন্ধ রাখা হয়েছে। এর পরিবর্তে প্রতিষ্ঠানটির মিডিয়া ব্যবসা, ইউরোপের কার্যক্রম এবং প্লাটফর্ম টেকনোলোজি বন্ধের চিন্তাভাবনা চলছে। এতে এই বিভাগগুলোর কর্মীরা ছাঁটাই হতে পারেন।
 
রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ইয়াহুর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত প্রধান কার্যালয় থেকে ১২৮ জন, স্যান ফ্রান্সিসকো কার্যালয় থেকে ৪৬ এবং লস অ্যাঞ্জেলস থেকে ৬০ জন কর্মী ছাটাই করা হবে। এ জন্য ওই সব স্থানের কর্মকর্তাদের নোটিশ পাঠিয়েছে ইয়াহু কর্তৃপক্ষ।
 
ইয়াহুর বুরব্যাংক অফিসও বন্ধ করা হচ্ছে। এতে আরও ৯০ জন কর্মী চাকরিচ্যুত হবেন।
 
প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই এই কর্মী ছাটাইয়ের পরিকল্পনা হাতে নিয়েছে ইয়াহু কর্তৃপক্ষ। মারিসা মেয়ারের এই পদক্ষেপে প্রতিষ্ঠানটি আবারও ফেসবুক কিংবা গুগলের সঙ্গে প্রতিযোগিতায় ফিরে আসবে বলেই মনে করছে সংশ্লিষ্টরা।