বাঙালির স্বকীয়তা বিশ্বে ছড়িয়ে দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাঙালি জাতির স্বকীয়তাকে নিজের মধ্যে ধারণ করে তা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
 
বাঙালি হিসেবে আমাদের আলাদা ঐতিহ্য রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের তা ধারণ করতে হবে। আমাদের আগামী প্রজন্মকে তা শিক্ষা দিতে হবে। সেই সাথে সাথে ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে।’
 
বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মর্যাদা থাকার এবং যার যার ধর্ম সম্মানের সঙ্গে পালন করতে পারার অধিকারের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “একটা অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়েই আমাদের স্বাধীনতা অর্জন।”
 
বিভিন্ন ক্ষেত্রে ‘গৌরবোজ্জল ও প্রশংসনীয়’ অবদানের জন্য এবছর ১৬ জনকে একুশে পদক দেওয়া হয় এ অনুষ্ঠানে।  তাদের মধ্যে ১৪ জন নিজে উপস্থিত ছিলেন।  আর মরণোত্তর পদক পাওয়া দুজনের স্ত্রী উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।  প্রধানমন্ত্রী তাদের হাতে একুশে পদক ও সম্মানীর চেক তুলে দেন।
 
১৯৯৯ সালে জাতিসংঘের ইউনেস্কো থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে সেসময় তার নেতৃত্বাধীন সরকারের ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে কানাডা প্রবাসী রফিকুল ইসলাম ও আব্দুস সালামসহ সংশ্লিষ্টদের ভূমিকাও স্মরণ করেন তিনি।
 
আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যেও মাতৃভাষা রক্ষায় সজাগ হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “মাতৃভাষা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে জীবনের প্রয়োজনে। কারণ মানুষ মতবিনিময়, ভাববিনিময় করতে গেলে যে ভাষা আন্তর্জাতিক পর্যায়ের, সে ভাষাটাকেই কিন্তু পর্যায়ক্রমিকভাবে গ্রহণ করে।
 
ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে আমাদের ওপর বিরাট দায়িত্ব-সারাবিশ্বে যত মাতৃভাষা আছে সেগুলোকে সংরক্ষরণ করা, গবেষণা করা।’