মোবাইল অ্যাপেই চলবে গাড়ি!

আধুনিক সময়ে স্মার্টফোনের অ্যাপ কতকাজেই না ব্যবহার হচ্ছে। জীবনযাত্রা সহজ করতে মোবাইল কোম্পানিগুলো নিত্যনতুন অ্যাপ তৈরি করছে সবার জন্য। তবে সুইডিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো এমন একটি অ্যাপ আনছে যা দিয়ে চলবে গাড়ি!
 
বিশেষ এই অ্যাপ থাকলে প্রয়োজন নেই চাবির। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই অ্যাপটি গাড়ির মালিকদের জন্য এক ধরনের ‘ডিজিটাল কি’ হিসেবে কাজ করবে। এজন্য গাড়ি কেনা বা ভাড়া নেওয়ার আগে এটি তাদের মোবাইলে ডাউনলোড করে নিতে হবে।
 
সুইডেনের গথেনবার্গ এয়ারপোর্টে কিছু ভাড়া গাড়িতে এই অ্যাপ ব্যবহার করে পরীক্ষা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৭ সালে এটি চালু করা হবে বলে আশা করছে ভলভো।
 
তবে, গাড়ির মালিক চাইলে তারা সাধারণ চাবিও সরবারহ করবে বলে জানিয়েছে তারা।
 
ভলভো-এর নতুন প্রযুক্তি ও সেবাবিষয়ক পরিচালক মার্টিন রোজেঙ্কভিস্ট বলেন, ‘আপনি যদি গাড়ির চাবি হারান তবে আপনাকে কোনো ভলভো ডিলারের কাছে যেতে হবে- কিন্তু আপনি যদি আপনার মোবাইল হারান তাহলে আপনার নতুন ফোন দরকার হবে। আর নতুন ফোন কিনে আপনি সহজেই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।’
 
এই অ্যাপটি গাড়ির ভিতরের রাখা একটি 'ব্লুটুথ ইন্সটলেশন'-এর সঙ্গে যোগাযোগ রাখবে। এর ফলে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত হবে বলে মনে করেন রোজেঙ্কভিস্ট। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালান উডওয়ার্ড অ্যাপটির নিরাপত্তা নিয়ে সতর্ক করে জানিয়েছেন, এটি খুব স্বল্প রেঞ্জের একটি ব্লুটুথ। এটি থাকলেও গাড়ি ছিনতাই হওয়া অসম্ভব কিছু না।