ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৯ বছর পর শনিবার দুপুরে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ইউসুফ হোসেন হুমায়ুন, হিরন, পার্বত্যবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর, ড. হাছান মাহমুদ, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, ড. আবদুর রাজ্জাক, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান তারা। অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।