ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ‘যারা বাংলায় কথা বলে, মনে মনে উর্দু ভালবাসে, তাদের শহীদ মিনারে যাওয়া শোভা পায় না।’
শনিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের যৌথসভায় তিনি এ কথা বলেন। অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা সফল করার লক্ষেই এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
ত্রাণমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার শহীদ মিনারে যেতে মানা নাই। কিন্তু আমাদের কষ্ট হয় তখন, যখন তাঁর সঙ্গে রাজাকার-আলবদরা যায়। এই জায়গা তাদের জন্য নয়, এটা বাঙালিদের জন্য। যারা বাংলায় কথা বলে, তাঁদের জন্য। কিন্তু যারা বাংলায় কথা বলে, মনে মনে উর্দু ভালবাসে, তাদের জন্য সেখানে যাওয়া শোভা পায় না।’
দেশের সকল শহীদ মিনার সারা বছরই পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, শহীদ দিবস আসলেই কেন্দ্রীয় শহীদ মিনারসহ সকল শহীদ মিনার ধোয়ামোছা হয়। অন্য সময় খোঁজ-খবর থাকে না। তাই আমাদের উচিত এই পবিত্র স্থানকে সারা বছর পরিস্কার পরিচ্ছন্ন রাখা। তিনি বলেন, ২১শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। বিশ্বের বহু পর্যটক বাংলাদেশে আসে এই পবিত্র জায়গাটি দেখার জন্য। তারা এই অবস্থা দেখে, মন খারাপ করে চলে যায়। তিনি সারা বছর শহীদ মিনার এমন পরিস্কার রাখার আহ্বান জানান।