আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিইউপি’র শ্রদ্ধা

 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান।
 
শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)’র উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ, এসইউপি, পিএসসি, পিএইচডি, উপ-উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ইব্রাহীম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ট্রেজারার, ফ্যাকাল্টিসমূহের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
 
এছাড়া সকাল নয়পার দিকে বিইউপি’র বিজয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ এবং বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
 
আলোচনা সভায় উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ বলেন, বাঙালির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে প্রেরণার উত্স একুশে ফেব্রুয়ারি। আমাদের জাতীয় ইতিহাসে এই দিনটি একই সঙ্গে বেদনার ও গৌরবের। মাতৃভাষার সম্মান রক্ষায় অসাধারণ আত্মত্যাগের ভাস্মর এ দিনটিকে ঘিরে জাতির শোক ও শ্রদ্ধার অনন্য প্রকাশ আজ এক মহান ঐতিহ্যে পরিণত হয়েছে। সেই ঐতিহ্যেরই উদ্দীপ্ত চেতনায় পালিত হয় মহান এ দিনটি।
 
 উপ-উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো যে ভাষা তা আমাদের চেতনার মূল উপাদান। তার অসামান্য সৌন্দর্য বাঙালির প্রজন্ম পরম্পরার উত্তরাধিকার। সর্বস্তরে বাংলার প্রচলন ও এর নিরবচ্ছিন্ন চর্চা জাতি হিসেবে আমাদের ক্রমেই সামনের দিকে এগিয়ে নেবে। সকলের অংশগ্রহণেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার গৌরব ও মর্যাদার আলো নিয়ে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। প্রেসবিজ্ঞপ্তি।