বইমেলায় এসেছে নূহু আব্দুল্লাহ্র গবেষণাধর্মী বই “বিশ্বের স্বাধীন ও নিয়ন্ত্রণাধীন দেশ”।
বইটিতে বিশ্বের স্বাধীন ও নিয়ন্ত্রণাধীন ২৫৯টি দেশের প্রত্যেকটির প্রায় ৫০টি বিষয় সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়েছে। যে সকল পাঠক বিশ্ব সম্পর্কে জানতে চান, একটি দেশের অভ্যন্তরীণ নানা বিষয় সম্পর্কে জানতে চান, তাদের জানার খোরাক জোগাবে বইটি।
বইটি প্রসঙ্গে নূহু আব্দুল্লাহ্ বলেন, “অনেকের মনে এই প্রশ্নগুলো উঁকি দেয়- পৃথিবীতে দেশ কতটি? স্বাধীন দেশ কতগুলি? পরাধীন দেশই বা কত? পৃথিবীতে কোন দেশ উন্নত, কোন দেশ স্বল্পোন্নত, কোন দেশ উন্নয়নশীল, কোন দেশ দরিদ্র। প্রশ্ন আসে, পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছু আয় কোন দেশের মানুষের? তাদের অবস্থা কেমন?
স্বাধীন একটা দেশ হিসেবে আমাদের নিজের দেশ বাংলাদেশই বিশ্বের বুকে কোন ক্ষেত্রে কি অবস্থানে রয়েছে ইত্যাদি...। বিশ্বের বিভিন্ন দেশের আয়তন, স্বাধীনতাপ্রাপ্তি, জনসংখ্যা, সংক্ষিপ্ত ইতিহাস, মাথাপিছু আয়, শিক্ষার হার... ইত্যাদি বিষয় সম্পর্কে তথ্য যুক্ত করে লেখা হয়েছে ‘বিশ্বের স্বাধীন ও নিয়ন্ত্রণাধীন দেশ’ বইটি।
আমাদের প্রাণের ভাষা বাংলায় এতগুলো দেশের অভ্যন্তরীন নানা বিষয়ের বর্তমান অবস্থা তুলে ধরে এর আগে কোন বই প্রকাশিত হয়েছে বলে আমার জানা নেই। যে কারনে বাংলা ভাষায় এমন একটি বই লেখার প্রয়োজনীয়তা অনুভব করেছি।”
লেখকের ভাষ্য অনুযায়ী বইটি কারো বিশ্ব সম্পর্কে জানার খোরাক মেটাবে। কেউ চাইলে নিজের দেশের সঙ্গে অন্য দেশের একটি তুলনামূলক চিত্রও দেখতে পাবেন। বইটি অনেক গবেষকেরও কাজে লাগবে বলে আশা করছেন তিনি।
বইটিতে তথ্য সংগ্রহে কয়েকটি সোর্স ব্যবহার করা হয়েছে বলে নূহু আব্দুল্লাহ্ জানিয়েছেন। তবে বেশিরভাগ তথ্য সংগৃহীত হয়েছে উইকিপিডিয়া এবং সিআইএ থেকে। কারণ, এ দুটোতে থাকা তথ্যগুলোকে অন্য সোর্সের চেয়ে বেশি বিশ্বাসযোগ্য এবং যুক্তিসংগত মনে হয়েছে।
বইটি প্রকাশিত হয়েছে দিব্যপ্রকাশ থেকে। মেলায় স্টল নং ৫৪৫-৫৪৮। চার রঙের ছবিযুক্ত ৬৬২ পৃষ্ঠার বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
নূহু আব্দুল্লাহ্ বর্তমানে দৈনিক ইত্তেফাকে সাব এডিটর পদে কর্মরত।