'বিভিন্ন ধরণের ভাষা শিখুক চাই, ভাষা বিকৃতি চাই না'

 
'আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশের, বিভিন্ন ধরণের ভাষা শিখুক তা চাই, কিন্তু ভাষার বিকৃতি আমি চাই না।'- আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে বক্তব্যদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব আমাদের।
 
বক্তব্যে তিনি দেশের এক শ্রেনীর মানুষের সমালোচনা করে বলেন, নতুন একটা স্টাইল চালু হয়েছে। বাংলা ভাষাকে ভুলে যাওয়াই যেন গুণের কাজ। ইংরেজি মিডিয়ামে না পড়ালে যেন ইজ্জতই থাকে না। আমি অনেককে জিজ্ঞাসা করে দেখেছি, আসলে কয়টা ইংরেজি মিডিয়ামের ছেলে এসএসসিতে (লেভেলে) ভাল করে।
 
এ সময় তিনি জানান, এই ইনিস্টিটিউটের দায়িত্ব দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠিগুলোর ভাষা ও অক্ষর সংরক্ষণ করা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আরো উন্নত গবেষণা হবে। প্রধানমন্ত্রী আরো জানান, অর্থ ছাড়া উচ্চ পর্যায়ের গবেষণা করা সম্ভব নয়। আর তাই ইনিস্টিটিউটের জন্য অর্থ বরাদ্দ রাখা হবে।
 
শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কৃতি চর্চা হওয়া দরকার। খেলাধুলা আরো বড় পরিসরে হওয়া দরকার, যার চেষ্টা আমরা করে যাচ্ছি। এ বিষয়ে অভিভাবকদেরও সচেতন হতে হবে।