৫১ শতাংশ মার্কিন নাগরিক চাচ্ছেন ফোন আনলকের ব্যাপারে এফবিআই-কে সহযোগিতা করুক অ্যাপল। অন্যদিকে একই ইসুতে অ্যাপলের পক্ষ নিয়েছেন ৪১ শতাংশ মার্কিন নাগরিক। সম্প্রতি অনলাইন জরিপ প্রতিষ্ঠান সার্ভে মাংকি’র এক জরিপে এমনটাই উঠে এসেছে।
জরিপে প্রায় এক হাজার প্রাপ্তবয়স্ক মার্কিনী অংশ নেন। ফোন আনলককে কেন্দ্র করে চলমান অ্যাপল-এফবিআই লড়াইয়ে মার্কিন নাগরিকদের মনোভাব জানতেই মূলত এই জরিপটি করা বলে জানায় সংস্থাটি।
ইতোমধ্যেই অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকসহ সিলিকন ভ্যালির প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই লড়াইয়ে অ্যাপলের পক্ষ নিয়ে নিজ নিজ মন্তব্য জানালেও জরিপে দেখা গেছে, স্বয়ং অ্যাপল গ্রাহকদের ৪৬ শতাংশ মনে করছেন অ্যাপলের উচিত এফবিআইকে ফোন আনলকে সহায়তা করা। অন্যদিকে আবার এক তৃতীয়াংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী অ্যাপলের পক্ষে নিজ অবস্থান প্রকাশ করেছেন বলেই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
গ্রাহকদের উদ্দেশ্যে লেখা টিম কুক-এর ওই চিঠিটি পড়েছেন জরিপে অংশগ্রহণকারী মাত্র ১৬ শতাংশ মার্কিন নাগরিক এবং তাদের অর্ধেকেরও বেশি অ্যাপলকেই সমর্থন করছেন। জরিপের তথ্য অনুযায়ী, যারা এ বিষয়ে এফবিআই-এর পক্ষ নিয়েছেন, তাদের বেশিরভাগই চিঠিটি পড়ে দেখেন নি।