বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড তারকা প্রিতি জিনতা। এটা অবশ্য বেশ আগের খবর। সম্প্রতি জানা গেছে, নিজ বিয়ের ছবি নিলামে তুলবেন প্রিতি জিনতা।
মাস খানেকের মধ্যেই বিয়ে করছেন তিনি। পাত্র প্রিতি জিনতার চলার পথের বন্ধু ও সঙ্গী জিন গুডএনাফ। তবে প্রিতির ঘনিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতাই সম্পন্ন হবে গোপনীয়তার মধ্যে। সেখানে থাকবে না কোন গণমাধ্যম কর্মী। সেই সঙ্গে নিজের বিয়ের ছবি নিলামে তুলবেন এই অভিনেত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস তার প্রতিবেদনে প্রিতির ঘনিষ্ট আত্মীয়ের বরাত দিয়ে জানায়, নিলাম থেকে সংগৃহীত অর্থ চলে যাবে প্রিতির দাতব্য সংস্থা প্রিতি জিনটা ফাউন্ডেশনে। প্রিতির এই ফাউন্ডেশন অনেকদিন ধরে শিশুদের শিক্ষা ব্যবস্থা এবং বৃদ্ধাশ্রম উন্নয়নে কাজ করছে।
প্রিতির হবু স্বামী জিন গুডএনাফ একজন মার্কিন নাগরিক, লস অ্যাঞ্জেলেসে তিনি আর্থিক বিশ্লেষক হিসেবে কাজ করছেন। প্রিতির সঙ্গে তার পরিচয় হয় কয়েক বছর আগে, তবে এখন পর্যন্ত নিজের প্রেম কিংবা বিয়ের কথা গণমাধ্যমে স্বীকার করেননি এই অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস।