৩৫ হাজার ডলারে বিক্রি জন লেননের চুল

পপতারকা জন লেননের চার ইঞ্চি চুল নিলামে বিক্রি হলো ৩৫ হাজার ডলারে. বাংলাদেশি টাকায় যার মূল্য দুই লাখ ৭৪ হাজারেরও বেশি। শনিবার  যুক্তরাষ্ট্রের ডালাসে  হেরিটেজ অকশন নামের একটি নিলাম প্রতিষ্ঠান এই নিলামের আয়োজন করে।
 
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ১৯৬৬ সালে ‘হাও আই ওন দা ওয়ার’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতিকালে চুল কাটানোর সময় এক জার্মান নাপিত জন লেননের ওই একগাছি চুল কেটে তার কাছে রেখে দিয়েছিলেন।
 
এতদিন আগের সেই চুলই ২০১৬ সালে এসে কিনে নিলেন পল ফ্রেজার। নিলামে তোলা হয়েছিল তার চুল হাতে ধরে থাকা ওই নাপিতের একটি ছবিও।
 
বিশ্বের সেরা ব্যান্ড বিটলসের অন্যতম একজন সদস্য হিসেবে বিশ্বের সঙ্গীতপ্রিয় মানুষের কাছে সুপরিচিতি পেয়েছিলেন জন লেনন। তিনি ছিলেন একাধারে গায়ক, সুরকার, গীতিকার, লেখক, সঙ্গীত পরিচালক এবং দক্ষ সমাজসেবক। লেনন তার রক গান দিয়ে সে সময় ব্যাপক সাড়া জাগিয়েছিলেন। ১৯৮০ সালের ৮ ডিসেম্বরে নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে খুন হন তিনি।