যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকলে প্যারিসের মতো সন্ত্রাসী হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন দেশটির কর্ম ও পেনশন মন্ত্রী আয়ান ডানক্যান স্মিথ। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ইইউয়ে থাকলে সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়বে।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকলে যুক্তরাজ্যে গত বছর ফ্রান্সের রাজধানী প্যারিসে হওয়া সন্ত্রাসী হামলার মত হামলা হওয়ার দ্বার খোলা থাকবে। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ইইউয়ে প্রবেশ করা শরণার্থীরা ব্রিটেনে ঢুকে পড়তে পারে। ইউরোপের খোলা সীমান্তের কারণে লোকজনকে যাচাই করে দেশে ঢুকতে দেওয়া কিংবা শরণার্থীর ঢল সামলানো সম্ভব হবে না। ফলে লোকজনের এখানে ঢুকে পড়া এবং সময় নিয়ে হামলা পরিকল্পনা করার আশঙ্কা থেকে যাবে।
স্মিথ বলেন, “প্যারিসে কি ঘটল আমরা তা দেখেছি। সেখানে তারা সময় নিয়ে হামলা পরিকল্পনা করেছে।” আর এখন যেভাবে সীমান্ত খোলা রাখা হচ্ছে তাতে আমরা অনেকেই মনে করছি যে, এর মা্ধ্যমে আসলে সন্ত্রাসী তৎপরতার দ্বার খোলা রাখা হচ্ছে। আমাদের এ বিষয়টির একটি সুরাহা করা প্রয়োজন।”
ঊর্ধ্বতন মন্ত্রী স্মিথের এ বক্তব্য প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের একেবারে বিপরীত। ক্যামেরন বলেছেন, ইইউ য়ে থাকলে যুক্তরাজ্য আরও বেশি নিরাপদ এবং শক্তিশালী থাকবে। ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়াকে তিনি অন্ধকারে ঝাঁপ দেওয়ার সঙ্গে তুলনা করেছেন।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না থাকার প্রশ্নে আগামী ২৩ জুন গণভোট ডেকেছেন ক্যামেরন।