মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাত ১২টা ১ মিনিটি জয়পুরহাট কেন্দ্রিয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য ২১ ফেব্রুয়ারি ভোর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রভাতফেরি নিয়ে শহীদ মিনারে ফুল প্রদান করেন। শহীদ মিনারের পাদদেশে সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে একুশের গান পরিবেশন করা হয়। এতে অংশ নেয় খেলাঘর আসর , উদীচী শিল্পী গোষ্ঠী, জয়পুরহাট সংগীত চক্র , সারগাম সাংস্কৃতিক সংগঠন, নিবিড় সাংস্কৃতিক ও আব্দুল আজিজ সঙ্গীত ভূবন। পরিচালনা করেন মোশারফ হোসেন নান্নু, তামান্না ইয়াসমিন, মোস্তাহেদ ফাররোখ, রাজা চৌধুরী, তবিবর রহমান।
প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান আলী। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়। শহীদ মিনার পাদদেশে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে শিশু একাডেমী, এ ছাড়াও অমর একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে চার দিনব্যাপী বই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।