ধারাবাহিক উন্নয়নের পথে বাংলাদেশ -অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন ধারাবাহিক উন্নয়নের পথে রয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে বাংলাদেশ। গত শনিবার রাজধানীর একটি হোটেলে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বেস্ট ইকনোমিক রিপোর্টিং অ্যাওয়ার্ড ও ইআরএফ নাইট’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, গত ২০ বছর ধরে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে রয়েছে। দেশ এখন ধারাবাহিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধে বিধ্বস্ত অর্থনৈতিক দেশ আজ অতি অল্প সময়ে ঘুরে দাঁড়িয়েছে।
 
তিনি বলেন, পাকিস্তানের অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পেতেই আমরা মুক্তিযুদ্ধ করি। মুক্তিযুদ্ধের সময়কালে বাংলাদেশের আর্থিক সামর্থ্যের দুই-তৃতীয়াংশই ধ্বংস হয়ে যায়। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর হাতে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো শুরু হয়। ৭৫ এ আবার সামরিক শাসনের কবলে পড়ে দেশের অর্থনৈতিক সামর্থ্য ভঙ্গুর হয়ে পড়ে। ৯০ এ গণঅভ্যুত্থানের পরে দেশে আবার অর্থনৈতিক চাকা সচল হয়। তিনি আরো বলেন, আমি বাংলাদেশের এই উন্নয়ন দেখি খুশি এবং নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি।
 

অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৬ জনকে বেস্ট ইকনোমিক রিপোর্টিং অ্যাওয়ার্ড তুলে দেন অর্থমন্ত্রী। প্রিন্ট মিডিয়ায় ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পান মনজুর আহমেদ ও ওবায়দুল্লাহ রনি, ভোক্তা অধিকার ও দুর্নীতি ক্যাটাগরিতে ফখরুল ইসলাম, সামষ্টিক অর্থনীতি ক্যাটাগরিতে সোহেল পারভেজ, পুঁজিবাজার ক্যাটাগরিতে সুজয় মহাজন এবং ইলেকট্রনিক মিডিয়ায় আলমগীর হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. ফরাস উদ্দিন, ইআরএফ সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান প্রমুখ।